
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থীর বড় ব্যবধানে বিজয়কে বিরোধী দলগুলোর জনসমর্থন কমে যাওয়ার প্রতিফলন হিসেবে দেখছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তাঁর দাবি, নির্বাচনের ফলাফলে বিরোধী দলগুলোর প্রতি সাধারণ মানুষের অবস্থান স্পষ্ট হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্যারেজে মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় এক লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এই ফলাফলকে তিনি বিরোধী দলগুলোর জনপ্রিয়তায় ধসের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, বিএনপি সরকার আট মাসে দেশের জন্য কী করেছে, আর কী করেনি, তার মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, সেটিও জনগণ পর্যবেক্ষণ করছে। অন্যদিকে, বিভিন্ন সময়ে লংমার্চ, রোডমার্চ ও বিক্ষোভ কর্মসূচি পালনকারী বিরোধী দলগুলোর প্রতি জনগণ নির্বাচনের ফলাফলের মাধ্যমে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন। সরকারের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশজুড়ে খাল খনন ও নদী খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেই এসব উন্নয়নকাজের অগ্রগতি তদারকি করছেন। এসব প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানের শুরুতে টাঙ্গন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দিয়ে মাছ ধরা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। জলকপাট খুলে দেওয়ার পরপরই স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মাছ ধরতে পানিতে নেমে পড়েন। এতে ব্যারেজ এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণ কমল সরকার, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা।
Leave a Reply