
সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন-২০২৭কে সামনে রেখে জামালপুর সদর উপজেলার ২নং শরিফপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ও সমর্থন প্রত্যাশী মাজহারুল ইসলাম আকন্দ রবিউল তাঁর ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ‘আমার অঙ্গীকার, আপনাদের অধিকার’ স্লোগানে ঘোষিত ইশতেহারে ন্যায়বিচার, সুশাসন, মানবিকতা, সুষম উন্নয়ন ও জনকল্যাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল দুপুরে ইউনিয়নের রঘুনাথপুর মধ্যপাড়ায় তাঁকে ঘিরে আয়োজিত মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে এসব অঙ্গীকার ও পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোঃ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকে গ্রুপের চেয়ারম্যান এম. এ. মান্নান পাটোয়ারী। এছাড়াও রঘুনাথপুর, শ্রীরামপুরসহ ইউনিয়নের বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আলোচক হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ শহিদুজ্জামান আকন্দ এবং উপস্থাপনা করেন ডাঃ মোঃ আব্দুল মান্নান।
ঘোষিত নির্বাচনী ইশতেহারে মাজহারুল ইসলাম আকন্দ রবিউল নিরাপদ, শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন ইউনিয়ন গঠন; সরকারি অনুদান ও সুযোগ-সুবিধার ন্যায্য বণ্টন; মাদক, জুয়া ও সামাজিক অপরাধ প্রতিরোধ; কাঁচা রাস্তা সংস্কার ও পাকাকরণ; শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের অঙ্গীকার করেছেন।
বিশেষভাবে শ্রীরামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর এবং সেখানে এসএসসি পরীক্ষাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা, কৃষকদের জীবনমান উন্নয়ন, মৎস্যচাষী ও খামারিদের সহায়তা, তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণ এবং দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
ইশতেহারের অন্যান্য অঙ্গীকারের মধ্যে রয়েছে এতিম, অসহায়, দরিদ্র, ভূমিহীন ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ; ইউনিয়ন পরিষদের মাধ্যমে অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ; প্রতি মাসে তিনটি নির্ধারিত স্থানে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন; সামাজিক বিরোধ নিষ্পত্তিতে সালিশ কমিটি গঠন; ইউনিয়ন পরিষদ ভবনের আধুনিকায়ন এবং জনগণের অংশগ্রহণে সার্বিক উন্নয়ন।
এছাড়া রিকশা, অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালকদের জীবনমান উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়নের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ ও ফলদ গাছ লাগানোর অঙ্গীকারও করেছেন তিনি।
ইশতেহারের মূল দর্শনে রবিউল উল্লেখ করেছেন, মানুষের পরিচয় সম্পদে নয়, মানবিক মর্যাদায়। সরকারি সুযোগ-সুবিধা কারও ব্যক্তিগত অনুগ্রহ নয়, বরং যোগ্য মানুষের ন্যায্য অধিকার। জনপ্রতিনিধিত্ব ক্ষমতা ভোগের বিষয় নয়, এটি জনগণের প্রতি দায়বদ্ধ থেকে সেবা করার দায়িত্ব।
তিনি আরও বলেন, জনগণের শাসক নয়, সেবক ও সহযোগী হিসেবে পাশে থাকতে চান। জনগণের পরামর্শকে পথচলার দিশা এবং তাঁদের কল্যাণকে কাজের প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করবেন।
উল্লেখ্য, মাজহারুল ইসলাম আকন্দ রবিউল ২নং শরিফপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি সাবেক ছাত্র ও যুবনেতা হিসেবে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদল, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল, পূর্ব থানা ছাত্রদল ও সদর থানা ছাত্রদলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তাঁরা মাজহারুল ইসলাম আকন্দ রবিউলের জন্য দোয়া ও শুভকামনা জানান।
অনুষ্ঠানে ২নং শরিফপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply