
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ভাঙচুর ও সন্ত্রাসী হামলার অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা যুবদল।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর ইউনিয়নের আলিফ কাচ্চি সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। পরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাগামী লেন দিয়ে পদযাত্রা করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।
গজারিয়া উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সভাপতি মুজাম্মেল হক মুন্না।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জালাল উদ্দিন রিমু, সদস্য সচিব নাজির আহম্মেদ সিকদার, যুগ্ম আহ্বায়ক মাহাদি ইসলাম বাবু, নজরুল ইসলাম, আশরাফুল আলম সবুজ, রেজাউল করিম তারেক ও শাহিন প্রধানসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক এবাদুল হক এবং বাউশিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মান্নান মিয়াজী ও বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply