
মোহাম্মদ মাসুদ
মোহনা টেলিভিশনে নির্বাহী পরিচালককে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে প্রশাসনিক বিরোধ নতুন মাত্রা পেয়েছে। পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের অনাস্থা ও ক্ষোভ সৃষ্টি, সহকর্মীদের সঙ্গে অশালীন আচরণ, স্বজনপ্রীতি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন উপেক্ষা করে নিয়োগ, বরখাস্ত, বদলি ও পদোন্নতির মতো গুরুতর অভিযোগ উঠেছে। অন্যদিকে, নিজের প্রশাসনিক এখতিয়ার প্রয়োগের দাবি তুলে পাল্টা চিঠি দিয়েছেন নির্বাহী পরিচালক। এতে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ, সিদ্ধান্ত গ্রহণের বৈধতা ও কর্তৃত্ব নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে।
চেয়ারম্যান ও এমডি কারাগারে থাকাকালে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের বৈধ প্রক্রিয়া নানা প্রশ্ন।
২৪ নভেম্বর (মঙ্গলবার) প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা ইডির এখতিয়ার নিয়ে প্রশ্নে ও প্রতিষ্ঠানের অনিয়ম সংক্রান্তে নানা প্রসঙ্গে জানান। গতকাল ২৩ নভেম্বর অব্যাহতি দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন।
মোহনা টেলিভিশন লিমিটেডের নির্বাহী পরিচালক (ইডি) এম এ মালেককে অব্যাহতির সিদ্ধান্ত ঘিরে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহেদ আহমেদ মজুমদার কারাগারে থাকায় পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালক আজমাত রহমান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) বুশরা সাবাহ এমদাদ ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরী সম্মিলিতভাবে অব্যাহতিপত্র কার্যকরের উদ্যোগ নেন।
অব্যাহতিপত্রে ছয় দফা অভিযোগ: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ‘চাকুরি হতে অব্যাহতি প্রদান প্রসঙ্গে’ শিরোনামে দেওয়া চিঠিতে এম এ মালেকের বিরুদ্ধে ছয় দফা অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে—নতুন পরিচালনা পর্ষদের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অনাস্থা ও ক্ষোভ সৃষ্টির চেষ্টা, সহকর্মীদের সঙ্গে অশালীন ও অপেশাদার আচরণ, দায়িত্ব পালনে স্বজনপ্রীতি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নিয়োগ, বরখাস্ত, বদলি ও পদোন্নতির সিদ্ধান্ত এবং অপেশাদার নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা।
চিঠিতে নিয়োগপত্রের শর্ত অনুযায়ী তাঁকে চাকরি থেকে অব্যাহতির কথা উল্লেখ করা হয়। এতে স্বাক্ষর করেন পরিচালক আজমাত রহমান। পরবর্তী সময়ে ডিএমডি বুশরা সাবাহ এমদাদ ২০ অক্টোবর এবং সিইও তসলিম চৌধুরী ৬ নভেম্বর চিঠির সিদ্ধান্ত কার্যকরের পক্ষে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নিয়োগপত্রে ইডির ক্ষমতার সীমা নিয়ে প্রশ্ন : ২০ মে ২০২৫ তারিখের নিয়োগপত্র অনুযায়ী, মাসিক তিন লাখ টাকা বেতনে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পান এম এ মালেক। নিয়োগপত্রে তাঁকে সরাসরি ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা রয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান অথবা এমডিকে তাঁর চাকরির মেয়াদ বৃদ্ধি কিংবা অবসানের ক্ষমতা দেওয়া হয়েছে।
অন্যদিকে, ৩০ জুলাই ২০২৫ তারিখে এমডি শাহেদ আহমেদ মজুমদারের স্বাক্ষরিত পদোন্নতিপত্রে তসলিম চৌধুরীকে আগস্ট ২০২৫ থেকে সিইও হিসেবে দায়িত্ব দেওয়া হয়। ওই পত্রে সিইওর দায়িত্ব ও চাকরির মেয়াদসংক্রান্ত সিদ্ধান্তের ক্ষমতা এমডি ও চেয়ারম্যানের হাতে রাখা হয়েছে। এ অবস্থায় নিয়োগপত্র ও সংশ্লিষ্ট নথি অনুযায়ী, ইডি এককভাবে সিইও বা অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নির্ধারণে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও প্রতিষ্ঠানের প্রযোজ্য বিধিবিধান যাচাই জরুরি।
২২ নভেম্বর ডিএমডির পাল্টা অফিস আদেশ: ২২ নভেম্বর জারি করা অফিস আদেশে ডিএমডি বুশরা সাবাহ এমদাদ অভিযোগ করেন, এম এ মালেক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে চেয়ারম্যানের নামে কয়েকটি টার্মিনেশন চিঠি তৈরি ও ইস্যু করেছেন। এতে প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
বোর্ড সদস্যদের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ওই আদেশে সংশ্লিষ্ট টার্মিনেশন চিঠিগুলো অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে সিইও তসলিম চৌধুরী, এইচআর ও অ্যাডমিনের আনিছুর রহমান, হেড অব গ্রাফিক্স মনিরুজ্জামান মিন্টু এবং ডেপুটি হেড অব ব্রডকাস্ট আরিফিন ফেরদৌস জয়কে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়।
ইডির পাল্টা চিঠি: সিইওকে অব্যাহতির উদ্যোগ: অন্যদিকে, ১৮ নভেম্বর এম এ মালেকের স্বাক্ষরে সিইও তসলিম চৌধুরীকে অব্যাহতির একটি চিঠি ইস্যু করা হয়। এতে ‘ড্রিম কাস্ট’ ও ‘এডন্স’ নামের প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট বিষয় এবং প্রায় ২৪ কোটি টাকা বকেয়া আদায়ে ব্যর্থতার অভিযোগ তুলে ধরা হয়। পরে ২১ নভেম্বর আরেকটি চিঠিতে ডিএমডিকে সিইওর শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়।
তবে বুশরা সাবাহ এমদাদ এ তথ্যকে মিথ্যা দাবি করে জানান, তিনি ডিএমডি হিসেবেই দায়িত্ব পালন করছেন এবং তসলিম চৌধুরী সিইও পদে বহাল রয়েছেন। কর্তৃপক্ষের বক্তব্য, পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়া ইডির এসব চিঠি ইস্যুর এখতিয়ার ছিল না।
সিইওর জিডি: ভয়ভীতি ও নিয়ন্ত্রণের চেষ্টার অভিযোগ:
বিরোধের মধ্যে ৫ নভেম্বর পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৫২৩) করেন সিইও তসলিম চৌধুরী। এতে এম এ মালেকসহ চারজনের বিরুদ্ধে প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা, ২২ নভেম্বরের এজিএম বানচালের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক ক্ষতির হুমকি এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রশাসনিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টার অভিযোগ করা হয়। এসব অভিযোগের সত্যতা অবশ্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সিইওর বক্তব্য: নিরীক্ষায় মোকাবিলায় প্রস্তুত: সিইও তসলিম চৌধুরীর দাবি, নির্বাহী পরিচালক হিসেবে এম এ মালেকের তাঁকে সিইও পদ থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার নেই। প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক অভিযোগ থাকলে স্বতন্ত্র নিরীক্ষা ও যথাযথ আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করতে তিনি প্রস্তুত বলেও জানান।
নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি জরুরি: মোহনা টেলিভিশনের অভ্যন্তরীণ এ বিরোধ এখন শুধু ব্যক্তিগত বা প্রশাসনিক দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই; বরং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণের বৈধতা, কর্তৃত্বের সীমা ও আর্থিক জবাবদিহির প্রশ্ন সামনে এনেছে।
নিরপেক্ষভাবে যাচাইয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন জরুরি। একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব যেন পেশাদারিত্ব, কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও সম্প্রচার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য স্বচ্ছতা, আইনি বৈধতা ও জবাবদিহি নিশ্চিত করা এখন সময়ের দাবি।
Leave a Reply