
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মাদুলী বিলে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার (০২ জানুয়ারি) গভীর রাতে পরিচালিত এই অভিযানে স্থানীয়দের বাধার মুখে জব্দকৃত এসকেভেটর (ভেকু) ফেলেই ফিরে আসতে বাধ্য হয়েছে ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রশাসন সূত্রে জানা যায়, মাদুলী বিলে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাত আনুমানিক ১০:৩০ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান শুরু করা হয়। রাত ২:৩০ মিনিট পর্যন্ত চলা এই অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি

এসকেভেটর আটক করা হয়। আটককৃত এসকেভেটরটি বিল থেকে উদ্ধার করে মূল রাস্তায় নিয়ে আসার সময় ঘটে বিপত্তি। একটি সরু রাস্তায় আসার পর হঠাৎ এসকেভেটরটির চেইন খুলে গেলে সেটি চলাচলের অনুপযোগী হয়ে মাঝরাস্তায় আটকে পড়ে। ঠিক এই সময়ে অন্ধকারের সুযোগ নিয়ে স্থানীয় প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক জড়ো হতে শুরু করে। তারা এসকেভেটরটির সামনে ও পিছনে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে ফেলে। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকলে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা দেখা দিলে কৌশলগত কারণে অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেয় প্রশাসন।

লোকবলের তুলনায় উত্তেজিত জনতার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় জানমালের নিরাপত্তার স্বার্থে এসকেভেটরটি উদ্ধার না করেই ঘটনাস্থল থেকে প্রত্যাবর্তন করে অভিযানকারী দলটি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাতের অন্ধকারে যারা সরকারি কাজে বাধা সৃষ্টি করেছে, তাদেরও শনাক্ত করার চেষ্টা চলছে।
Leave a Reply