
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিদেশি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার (১৯ জানুয়ারি) রাতে উপজেলার আমরাইদ এলাকার ‘সেবা ডিজিটাল হাসপাতাল’ সংলগ্ন পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— উপজেলার উলুসারা গ্রামের আঃ আজিজের ছেলে নিরব আহমেদ (২৩), আবুল কাশেমের ছেলে মামুন (৩১) এবং আইনের সহিত সংঘাতে জড়িত এক কিশোর (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল যে চরখামের এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে মাদক ব্যবসায়ীরা টোক নয়ন বাজারের দিকে যাচ্ছে। খবর পেয়ে কাপাসিয়া থানার এসআই (নিঃ) মোঃ মোসলেম উদ্দিনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল আমরাইদ এলাকায় চেকপোস্ট বসায়। রাত ১০:৩০ মিনিটের দিকে একটি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল-২৫-৭০৫৪) সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাহিনী তাদের ঘেরাও করে আটক করে। আটকের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে নিরব আহমেদের জ্যাকেটের পকেট থেকে ৭৫০ মিলি লিটারের একটি দামী বিদেশি মদের বোতল (Royal Stag Deluxe Whisky) উদ্ধার করা হয়। এছাড়া মাদক সরবরাহের কাজে ব্যবহৃত হিরো হোন্ডা মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা ও সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ২৪(ক)/৩৮/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply