
হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মহলবাড়ি এলাকার ‘শ্রী শ্রী বনকালী মন্দিরে’ এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরের জমিদাতা জোনাকু দেবের স্ত্রী শারতি বালা আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় পূজা শেষে মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বাড়ি ফেরেন। পরদিন সকালে স্থানীয় বাসিন্দা গণেশ চন্দ্র মন্দিরে গিয়ে দেখেন, বাঁশের বেড়া খোলা রয়েছে। এছাড়া মন্দিরের চারটি প্রতিমার মধ্যে ‘শিব ভোলানাথ’ প্রতিমার পেটের অংশ ভাঙা এবং

সেখানে আগুনের ছাই পড়ে আছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও শুরুতে বিষয়টি সীমিত পরিসরে ছিল, বুধবার দিবাগত রাতে স্থানীয় সংবাদকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খবরটি ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ বারি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির প্রদীপ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রতিমা ভাঙচুরের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
Leave a Reply