
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
আসন্ন রাণীশংকৈল পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে ভোটারদের সঙ্গে মতবিনিময় ও কর্মী সমাবেশ। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে নিজের অবস্থান সুদৃঢ় করতে মাঠে নেমেছেন বিশিষ্ট সমাজসেবক ও দক্ষিণ ভান্ডারা ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম। রোববার (১৪ জুন) সন্ধ্যায় পৌর শহরের দক্ষিণ ভান্ডারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী কর্মী সমাবেশ ও আলোচনা সভা। স্থানীয় ভোটার, নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।সমাবেশে উপস্থিত সবার উদ্দেশ্যে স্বাগত বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রত্যাশী আবুল কাশেম। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে ৫নং ওয়ার্ড থেকে নিজের প্রার্থিতার ঘোষণা দেন এবং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন।তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সমাজসেবামূলক কাজ করে আসছি। মানুষের বিপদে-আপদে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৫নং ওয়ার্ডের অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, যুব সমাজের কর্মমুখী উদ্যোগ গ্রহণ, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করবো।”তিনি আরও বলেন, “আমি প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই। আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে ৫নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিকল্পিত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। আমি বিশ্বাস করি, জনগণ উন্নয়ন ও সেবার রাজনীতির পক্ষেই রায় দেবে।”অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর আবু তালেব, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিন, বিশিষ্ট সমাজসেবক মো. মানিক, সমাজসেবক মোস্তফা হোসেন, আলেফুর রহমান আলেফ এবং ছাত্রদল নেতা মুনিরুজ্জামান মুন্নাসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, আবুল কাশেম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি একজন সহজ-সরল, সৎ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে তিনি ৫নং ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। সমাবেশে ৫নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আবুল কাশেমের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয়দের মতে, নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই ৫নং ওয়ার্ডে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের নানা প্রতিশ্রুতি ও জনসংযোগে প্রাণ ফিরে পেয়েছে নির্বাচনী মাঠ। এখন ভোটারদের অপেক্ষা—কে হবেন তাঁদের প্রত্যাশার প্রতিনিধি।
Leave a Reply