
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় ইজারাবিহীন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, লাউড়েরগড় বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকা এবং সাহিদাবাদ থেকে প্রতিদিন শত শত মাহিন্দ্র ও ট্রাকে করে বালু পরিবহন করা হচ্ছে। এসব যানবাহন লাউড়েরগড় বাজারের ভেতর দিয়ে চলাচল করায় সড়কের অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষা মৌসুমে এমনিতেই সড়কগুলো দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যে অতিরিক্ত ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়ক আরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, লাউড়েরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাওয়ার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীদের যাতায়াতে নানা সমস্যা দেখা দিচ্ছে। কাদা, গর্ত ও ভারী যানবাহনের কারণে শিক্ষার্থীরা নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
এলাকার সচেতন নাগরিকরা অবিলম্বে ইজারাবিহীন স্থান থেকে বালু উত্তোলন বন্ধ, অবৈধভাবে বালু পরিবহন বন্ধ এবং এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সড়কের আরও ব্যাপক ক্ষতি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন,অবৈধভাবে বালু উত্তোলন কিংবা পরিবহনের কোন সুযোগ নেই।সড়কের ক্ষতি ও জনদুর্ভোগ সৃষ্টি করে কেউ কোন কর্মকাণ্ড করলে তদন্ত পূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply