
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশে ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় আইনের শাসন, স্বাধীন বিচারব্যবস্থা ও কার্যকর গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই এবং ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তুলতে চাই।”রোববার (২ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “রুল অব ল (Rule of Law) ও জাস্টিস (Justice)—এই দুটি বিষয় আমাদের সব সময় ধারণ করতে হবে। রাষ্ট্র ও সমাজে যদি আইনের শাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করা যায়, তবে দেশকে উন্নয়ন ও অগ্রগতির পথে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক বছরে আমরা এসব মৌলিক মূল্যবোধ থেকে বঞ্চিত হয়েছি।”তিনি বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত বিচারব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষ ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে দক্ষ, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী প্রশাসন গড়ে তুলতে পারলে রাষ্ট্র পরিচালনায় গতি ও সুশাসন নিশ্চিত হবে।বিএনপির মহাসচিব আরও বলেন, সংসদের স্থায়ী কমিটিগুলোকে কার্যকর ও শক্তিশালী করা গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও সুসংহত হবে এবং দেশের গণতন্ত্র একটি টেকসই ভিত্তির ওপর দাঁড়াবে।
বক্তব্যের শেষপ্রান্তে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব পুরো ঠাকুরগাঁওকে একটি উন্নয়নের জায়গায় নিয়ে যাওয়ার। পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ হয়েছে, মেডিকেল কলেজও হয়ে গেছে। শহরের চারদিক দিয়ে রিং রোড তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে সেইসাথে একটি কালচারাল কমপ্লেক্সও হবে। আমরা ঠাকুরগাঁও শহরের একটি মাস্টারপ্ল্যান করতে চাই। আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কোট চত্বরে চিফ জুডিশিয়াল ভবন (সিজেএম) ভবন স্থাপনের দাবি জানান প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের দাবি আমারও দাবি, আমি বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ জামাল হোসেন, পাবলিক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বদিউর জামান বাদল, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনতাজুল হক, অ্যাডভোকেট সারওয়ার হোসেন, অ্যাডভোকেট তোজাম্মেল হক মুনজু এবং অ্যাডভোকেট মগদুল সাব্বির মৃদুল।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক,জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ আইনজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ ফরিদ।
Leave a Reply