
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঝিরিঝিরি বৃষ্টি আর প্রতিকূল আবহাওয়ার মধ্যেও থেমে থাকেনি মানুষের ভালোবাসা ও কৃতজ্ঞতা। গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এবং জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানাতে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও সংবর্ধনা অনুষ্ঠান। বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিবসটি পরিণত হয় স্মৃতি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতার এক আবেগঘন আয়োজনে। বুধবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ঠাকুরগাঁও পৌর শহরের বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় স্থাপিত ‘জুলাই যোদ্ধা চত্বরে’ শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে পুলিশ প্রশাসন, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা

পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। শ্রদ্ধাঞ্জলি শেষে জেলা প্রশাসনের উদ্যোগে মির্জা রুহুল আমিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ও অভিনন্দনের মাধ্যমে তাঁদের অবদানকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমন, বীর মুক্তিযোদ্ধা নুর করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম, জেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, গণঅভ্যুত্থানের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রায়হান অপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা এবং নানা শ্রেণি-পেশার মানুষ। আলোচনা সভায় বক্তারা গণঅভ্যুত্থানের ঘটনাবহুল দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার

সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দেশের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও মানুষের মুক্তির সংগ্রামে শহীদদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা আরও বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ শুধু একটি আন্দোলনের ইতিহাস নয়, বরং একটি জাতির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁদের স্বপ্ন ও আদর্শকে ধারণ করেই ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে হবে।অনুষ্ঠানে জেলায় আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তাঁদের অবদান ও ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করে সকলকে শহীদদের আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply