
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
তিন দিন ধরে নিখোঁজ কিশোর আনোয়ার পারভেজকে ঘিরে পরিবারের উৎকণ্ঠার অবসান হলো হৃদয়বিদারক পরিণতিতে। বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল ১৭ বছরের সেই কিশোরের নিথর মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের চাড়োল গ্রামের পুরাতন পুকুর থেকে পারভেজের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত পারভেজ ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। জীবিকার তাগিদে তার বাবা বর্তমানে কুমিল্লায় কর্মরত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য সুলতানুল আজম।

পরিবার ও স্থানীয় সূত্রে ও পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাড়ি থেকে ৬ হাজার টাকা নিয়ে বের হয় পারভেজ গত বুধবার ২ সেপ্টেম্বর স্থানীয় একটি ফুটবল খেলার মাঠে তার মা পারভেজকে দেখতে পেয়ে বাড়ি আসতে বলে কিন্তু এরপরও বাড়ি ফেরেনি পারভেজ। ওই দিনই মায়ের সঙ্গে তার শেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে বাড়ির পাশের পুরাতন পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। প্রথমে মরদেহটি পারভেজের কি না, তা নিশ্চিত হতে পারেননি পরিবারের সদস্যরা। পরে পুলিশ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করলে শরীরে থাকা বিভিন্ন চিহ্ন দেখে তার মা ও পরিবারের লোকজন সেটি পারভেজের মরদেহ বলে

শনাক্ত করেন। স্থানীয় ইউপি সদস্য সুলতানুল আজম বলেন, পারভেজ মাঝে মধ্যে মাদক সেবন করত। শুক্রবার সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর জানতে পেরে তিনি পুলিশকে খবর দেন। স্থানীয়রা প্রথমে মরদেহ শনাক্ত করতে না পারলেও পুলিশ মরদেহ উদ্ধারের পর পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply