
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় মাদক সেবনের দায়ে মোঃ রাসেল (৩৫) ও মোঃ ফরিদ (৩৮) নামের দুই যুবককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০০ টাকা অর্থদণ্ডও করা হয়। সোমবার (১ সেপ্টেম্বর ) সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বইলাকান্দি এলাকায় ফাতেমা বেওয়ার বাসা থেকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুল হক। সাজাপ্রাপ্ত মোঃ রাসেল জাওয়ার টেক বইলাকান্দি এলাকার রুহুল আমিনের ছেলে, অপরজন মোঃ ফরিদ ভিটিপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সিংহশ্রী ফাড়ি ইনচার্জ সাইদুর রহমান জানান, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে জাওয়ারটেক বইলাকান্দি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও গাজা সেবনের বিভিন্ন সরঞ্জামসহ রাসেল ও ফরিদকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একেকজনের ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক বলেন, ‘মাদক সেবনের দায়ে রাসেল ও ফরিদকে ২০০০ টাকা অর্থদণ্ড ও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদকসেবী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কারণ মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। মাদক ব্যবসায়ীরা যতবড় শক্তিশালীই হোক না কেন ধরতে পারলে অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।’
Leave a Reply