
এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ২০ পিস ও ১৫ পিসসহ মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ০৬ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১টা ৪০ মিনিটের দিকে কাপাসিয়া ইউনিয়নের জামিরারচর এলাকায় অভিযান চালায় পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম এর দিক নির্দেশনায় এসআই শরীফ হোসেনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এমদাদুল হক এম্বু (৩৭) ও হৃদয় হাসান (২৬) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশিকালে এম্বুর কাছ থেকে ১৫ পিস এবং হৃদয়ের কাছ থেকে ৫ পিস গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে, গত ০৫ জানুয়ারি রাত ৯টা ৩০ মিনিটের দিকে দুর্গাপুর ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকায় অভিযান চালায়

এসআই মোঃ এমদাদুল হকের নেতৃত্বাধীন একটি টিম। সেখান থেকে হারুন খান (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে ওসি শাহিনুর আলম জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কাপাসিয়া থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply