
খান মেহেদী :-
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী মাজেদা বেগম জানান, ২০২২ সালে রঘুনাথপুর গ্রামে জে এল নং ২০ থেকে ৬ শতাংশ জমি ক্রায় করে ভোগ দখল করে আসছি। প্রতিপক্ষ মহারাজ মল্লিক, ছালাম মল্লিক, জলিল মল্লিক আমাদের ভোগ দখলি জমি দখল করার চেষ্টা চালিয়ে আসছে। গত বছরের ২৭ জুলাই তারা আমার সম্পত্তি দখলের চেষ্টা চালায় যে ঘটনায় আমি বাদি হয়ে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করি। দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি আদালত জমির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিলেও তা অমান্য করে প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে প্রবেশ করে পিলার স্থাপন করে দখলের চেষ্টা চালায়। এমনকি সেখানে ঘর নির্মাণের প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীরা আরও জানান, তারা বিষয়টি প্রশাসনকে অবহিত করলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে করে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
অন্যদিকে অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, জমিটি তাদের বৈধ মালিকানাধীন এবং তারা কোনো আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সোহেল রানা জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
Leave a Reply