
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলা জৈনা বাজার এলাকার জামির দিয়া শাখায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে অতিদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (১০ মে) সকাল ৯টা থেকে দিনব্যাপী সংস্থাটির জামির দিয়া শাখা অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ ইব্রাহিম হোসাইন, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং ডাঃ মোঃ লিমন, হেলথ মনিটরিং অফিসার।
বিনামূল্যের এ চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন পিএমকের প্রোগ্রাম সহকারী ম্যানেজার মোঃ আবু রায়হান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিএমকের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, জামির দিয়া শাখার ব্যবস্থাপক মোঃ ইলিয়াস মিয়া এবং আইটি অফিসার মোঃ রাশেদুল ইসলাম।
ক্যাম্প চলাকালীন সময়ে প্রোগ্রাম সহকারী ম্যানেজার মোঃ আবু রায়হান বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে)’র সকল শাখায় নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জামির দিয়া শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চক্ষু রোগীদের পাওয়ারের চশমা এবং চোখের ড্রপ বিতরণ করা হয়েছে।
পিএমকের জামির দিয়া শাখার ম্যানেজার মোঃ ইলিয়াস মিয়া বলেন, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হচ্ছে।
পিএমকের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন বলেন, প্রতিষ্ঠানটি শুরু থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা অন্যতম গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে। প্রতি বছর এ ধরনের সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এসময় স্থানীয় এলাকাবাসী বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply