
মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার
নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পটুয়াখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ চৌধুরীর বাসভবন সংলগ্ন এলাকা থেকে র্যালিটি শুরু হয়। জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলামিন সুজনের নেতৃত্বে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা পরিষদ শিশু পার্ক সংলগ্ন সড়কে এসে এটি এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী পটুয়াখালীর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের সাংগঠনিক নানা অসঙ্গতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “রাজনীতিতে যুক্ত হওয়ার আগে প্রতিটি নেতার নৈতিকতা ও পারিবারিক সততা প্রমাণ করা জরুরি। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচিকে কেন্দ্র করে পুরো পটুয়াখালী শহরজুড়ে দলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
Leave a Reply