
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:
দলীয় সরকারের অধীনে কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। সদ্য অনুষ্ঠিত উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, ভোট কারচুপি, জালিয়াতি ও সহিংসতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড় ঘুরে পুনরায় বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে দেলাওয়ার হোসেন বলেন, ‘দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আবারও তা প্রমাণ করেছে। বর্তমান নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। নির্বাচনে কীভাবে অনিয়ম ও জালিয়াতি হয়েছে, তা ইতোমধ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে।’ তিনি অভিযোগ করেন, ভোটারদের ভোটাধিকার হরণ করে জোরপূর্বক নির্বাচনের ফলাফল তৈরি করা হয়েছে। নির্বাচনের সময় বাড়িঘরে হামলা, ভাঙচুর এবং নির্বাচনি এজেন্ট ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, নির্বাচনে সংঘটিত অনিয়ম ও সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের পদত্যাগ এবং দায়িত্ব পালনে অবহেলা ও অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধান, সাধারণ সম্পাদক মো. আলমগীরসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ধানের শীষ প্রতীকে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
Leave a Reply