
মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় আবারও বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ধামনপাড়া-কাঠুয়াগাড়ি গ্রামের পাকা সড়কের পাশে ফাঁকা জায়গা থেকে সেচকাজে ব্যবহৃত একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত থেকে শনিবার (২১ নভেম্বর) ভোরের যেকোনো একসময় অজ্ঞাত চোরেরা এ চুরির ঘটনা ঘটায়। গ্রামের মো. মোন্তাজ ডাক্তারের পুকুরপাড়ে সেচকাজে ব্যবহৃত এলও.৪ডি.১০২.২ নম্বর পোলে স্থাপিত ট্রান্সফরমারটি চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে সেচকাজে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির কারণে কৃষিকাজ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ বিষয়ে পল্লী বিদ্যুতের মোমিনপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মো. বেলাল উদ্দিন জানান, তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। পরে এ বিষয়ে লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মনোয়ার জাহান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
উল্লেখ্য, নলডাঙ্গায় বারবার বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
Leave a Reply