
সেলিম মাহবুব,সিলেটঃ
ছাতকে বহুল আলোচিত হাজী মোস্তফা আনোয়ার এনাম হত্যা কান্ডের পর থেকে আসামিদের অব্যাহত হুমকি ধামকি ও মামলার কারণে তার পরিবারটি আজ অসহায় হয়ে পড়েছেন। ঘরবাড়ি ছেড়ে তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোস্তফা আনোয়ার এনাম ছাতক পৌর সভার নোয়ারাই মহল্লার মৃত হাজী আব্দুল মতিনের পুত্র। ২০২১ সালের ১৩ মে সন্ধ্যায় নিজ বাড়িতে প্রতিপক্ষের হামলার শিকার হন হাজী মোস্তফা আনোয়ার এনাম। ১৯ মে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকান্ডের ঘটনায় হাজী মোস্তফা আনোয়ার এনামের ছোট ভাই মোস্তফা জুবায়ের বাদী হয়ে দবির মিয়া, কবির মিয়া, শিহাব মিয়া সহ ১০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা (নং ১৯/২১) দায়ের করেন। ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি মামলার এজাহারভুক্ত ৫ জন আসামি বাদ দিয়ে আদালতে অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ছাতক থানার এসআই আতিকুল ইসলাম খন্দকার। এ হত্যা মামলার আসামিরা দীর্ঘদিন জেল হাজতে ছিলেন বর্তমানে জামিনে মুক্তি পেয়েছেন। মামলার বাদীও বর্তমানে প্রবাসে রয়েছেন। মামলাটি এখন পরিচালনা করেন নিহতের অপর ভাই মোস্তফা দিলোয়ার। মোস্তফা দিলোয়ার জানান, জামিনে বের হয়েই, হত্যা মামলার পরিচালনাকারী তাকে (মোস্তফা দিলোয়ার) একের পর এক উদ্দেশ্যেমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে আসামীরা। জামিন পাওয়া আসামীদের নানা অত্যাচার নিপীড়নসহ হত্যা মামলাটি তুলে নিতে প্রতিনিয়তই তাকে হুমকি ধামকি প্রদর্শন করে আসছে তারা। তিনি জানান, আসামীদের অত্যাচার- নির্যাতন ও একের পর এক মিথ্যা মামলার ভয়ে ৭ মাস আগে ছাতকে নোয়ারাইয়ের পৈত্রিক বসতবাড়ি তালাবদ্ধ করে অসুস্থ মা সহ পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি সিলেট শহরে একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করেন। তিনি সিলেট থেকে মামলা কারণে সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে যেতে হয়। এ স্থানটিও তার জন্য নিরাপদ নয়। জায়গা-জমি, বাসাবাড়িসহ নোয়ারাই বাজার এবং লাফার্জ বাজারে অবস্থিত দোকানপাট দেখবাল করতে মাঝে মধ্যে তিনি ছাতক আসেন কিন্তু নিজ বাড়িতে ভয়ে যেতে পারেন না। ছাতকে বসবাস না করেও একসাথে পরপর অনেকগুলো মিথ্যা মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। তাকে এবং তার পরিবারের লোকজনকে মামলা মোকদ্দমা রীতিমতো হয়রানি পেরেশানিতে রাখা হয়েছে। তিনি তার বিরুদ্ধে বিভিন্ন দায়েরী ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসন ও বিচার বিভাগের সদয় দৃষ্টি কামনা করেছেন।
Leave a Reply