
তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিবুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর থানার ওসি (তদন্ত) সুশান্ত পাল, তাহিরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ, সাংবাদিক রোকন উদ্দিন, আবুল কাসেম, শওকত হাসান ও মনিরাজ শাহসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
র্যালি শেষে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় জীবন রক্ষার কৌশল প্রদর্শন করে বিশেষ মহড়া পরিচালনা করে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান মানিক বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। আগাম প্রস্তুতি ও সঠিক প্রশিক্ষণ থাকলে যেকোনো দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
Leave a Reply