
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি
“জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান—টেকসই উদ্যোগ করি বেগবান” প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় র্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. ফাহিমা ইসলাম লিজা।
বক্তারা বলেন, জন্মের পরপরই নবজাতককে শালদুধ পান করানো, প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং পরবর্তী সময়ে উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান করানো শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পরিবার, স্বাস্থ্যকর্মী, কমিউনিটি এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাতৃদুগ্ধের বিকল্প শিশুখাদ্য ও এর সরঞ্জামাদির বিপণন নিয়ন্ত্রণ আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ডা. মোহাম্মদ আল-আমিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. নোমান পারভেজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আভাস’-এর প্রতিনিধি শেখ মনি উদ্দিন, মেডিকেল অফিসারবৃন্দ, নার্সিং সুপারভাইজার, নার্স ও মিডওয়াইফ, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় প্রতিনিধি, আনসার সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply