
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর এলাকায় দীর্ঘদিনের রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে মৌলভীবাড়ী জামে মসজিদে মুসল্লিদের যাতায়াতে বাধা সৃষ্টি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী ও সাধারণ মুসল্লিরা। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জানগর এলাকার বয়োজ্যেষ্ঠ বাসিন্দা মোঃ বকুল মিয়ার (৬২) সাথে নিজ মালিকানাধীন রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী শিউলি বেগম, আঃ মোতালিব ও তাদের সঙ্গীদের বিরোধ চলে আসছে। ইতিপূর্বে বেশ কয়েকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শালিস-দরবারের মাধ্যমে

বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। শালিস বৈঠকে বিবাদীরা রাস্তায় কোনো ঝামেলা করবে না মর্মে মুচলেকা দিলেও পরবর্তীতে তারা আবারও অবৈধ অনুপ্রবেশ, মাটি কাটা এবং বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নেওয়ার মতো ঘটনা ঘটায়। সর্বশেষ, মির্জানগর পূর্বপাড়া মৌলভীবাড়ী মসজিদের ওপরে থাকা একটি আম গাছ অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, যা যেকোনো সময় পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। একই সাথে পাশে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। বকুল মিয়া বিপজ্জনক গাছটি কাটতে গেলে বিবাদীরা লাঠিসোটা নিয়ে তার ওপর চড়াও হয় এবং তাকে মারধর ও হয়রানিমূলক মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় বলে থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়। শুক্রবার (১৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, বিবাদী শিউলি বেগম ও তার সঙ্গীরা মসজিদের প্রবেশপথে গাছ লাগিয়ে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে মুসল্লিদের নামাজে যেতে চরম বাধার সৃষ্টি করছেন। এলাকার স্থানীয় মুসল্লী নুরুল ইসলাম, মনির হোসেন, রিপন মিয়া ও সজল মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, “আমরা দীর্ঘদিন ধরে এই মসজিদে নামাজ আদায় করে আসছি। কিন্তু কাসেমের স্ত্রী শিউলি

বেগম মসজিদের সামনের রাস্তায় গাছ লাগিয়ে চলাচলের পথ অবরুদ্ধ করে রেখেছেন। কেউ এর প্রতিবাদ করতে গেলে তারা গালিগালাজ ও মারতে তেড়ে আসে। আমরা দ্রুত এই অন্যায়ের প্রতিকার ও যাতায়াতের রাস্তা উন্মুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।” এ ঘটনায় ভুক্তভোগী বকুল মিয়া বাদী হয়ে কাপাসিয়া থানায় শিউলি বেগম, আঃ মোতালিবসহ ৭ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে কাপাসিয়া থানার অভিযোগের তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন মৃধা জানান, অভিযোগটি পেয়েছি। সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply