
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার আশুলিয়ায় সাংবাদিক সোহরাব হোসেন ওরফে সৌরভকে আবারও হুমকি দেওয়া এবং তাঁর দায়ের করা মামলা প্রত্যাহারে চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ও পরিচিতজনদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক সৌরভ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তাঁর বক্তব্যে এসব অভিযোগ সামনে এসেছে।
সাংবাদিক সৌরভের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পরও পুলিশ আসামিদের গ্রেপ্তার বা কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় পরিস্থিতির অবনতি হয়েছে। এ অবস্থায় তিনি যেকোনো সময় হামলার শিকার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
এর আগে, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় সাংবাদিক সোহরাব হোসেনের ওপর হামলা, মারধর, নগদ এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ ওঠে। এ ঘটনায় এনামুল হক, শেখ ওয়াসিম ইকবালসহ কয়েকজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার খবর প্রকাশিত হয়।
সাম্প্রতিক বক্তব্যে এক ভাঙারি ব্যবসায়ী তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেছেন বলে উল্লেখ করা হয়েছে। ভাঙারি দোকানে পুলিশ পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ বিরোধের জেরে তাঁর বা তাঁর পরিচিতজনদের কোনো ক্ষতি হলে কিংবা কেউ গ্রেপ্তার হলে এর জন্য সাংবাদিক সৌরভকে দায়ী করা হবে।
এ ছাড়া ফেসবুকে তাঁর নাম উল্লেখ করে প্রকাশিত পোস্ট মুছে ফেলা এবং পরদিন বিকেলে আইনজীবীর উপস্থিতিতে মামলা প্রত্যাহার-সংক্রান্ত কাগজে স্বাক্ষর করার দাবি জানানো হয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানানোর জন্যও চাপ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
এ পরিস্থিতিতে সাংবাদিক সৌরভ নিজের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যেকোনো সময় তাঁর ওপর হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করা, উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
আশুলিয়া থানা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সাথে যোগাযোগ করে আসামিকে ধরিয়ে দিতে সহায়তা করতে বলে কৌশলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
Leave a Reply