
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রামে মোহনা টিভির মীরসরাই প্রতিনিধি ও মীরসরাই উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সংহতি জানিয়ে উপস্থিত হন এবং হামলার তীব্র নিন্দা জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক কামরুল ইসলামের ওপর হামলা কোনো একক ব্যক্তির ওপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত। তারা স্পষ্ট ভাষায় বলেন, সন্ত্রাসীদের কোনো দল থাকতে পারে না; যারাই এই হামলার সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের পরিচয় যাচাই না করে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় সামান্যতম ছাড় দেওয়া হলে ভবিষ্যতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠবে, যা সামগ্রিকভাবে সাংবাদিক সমাজের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এ জন্য হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন বক্তারা।
এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply