
তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রস্তুতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ রিপামনি দেবী।
সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিদ্যুৎ ও আলোকসজ্জা, যাতায়াত ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের উৎসব নয়, এটা আমাদের সকলের সম্প্রীতির অন্যতম বড় উৎসব। তাহিরপুরে যেন প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে ও আনন্দের সঙ্গে উৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, “পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের পরিবেশ অটুট রাখতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”তিনি ঘোষনা করেছেন যে সকল পুজামন্ডপে সুশৃঙ্খল ভাবে পুজা উদযাপন করবে তাদেরকে পুরস্কৃত করা হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ্ রিপামনি দেবী বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “তাহিরপুরে দুর্গাপূজা হবে আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা বরদাশত করা হবে না। সবাইকে সহযোগিতা ও দায়িত্বশীলতার সঙ্গে উৎসবটি সফল করতে এগিয়ে আসতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপি আহব্বায়ক বাদল মিয়া, সহকারী কমিশনার ভূমি বিএসআরএম আলিফ,বীর মুক্তিযোদ্ধা হারুন ওর রশীদ, উপজেলা বিএনপি যুগ্ম আহব্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি সদস্য সাখাওয়াত হোসেন, একে এম নাসের উজ্জ্বল, সংসদ সদস্য এপিএস বাবরুল হাসান বাবলু,উপজেলা ছাত্রদল আহব্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, ছাত্রদল নেতা, রাহুল, জানেস,সজিব,সাওন সহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার —এই চেতনাকে ধারণ করে তাহিরপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply