
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ শামীম সরকার (৩৫) নামে এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর বড়টেক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শামীম সরকার ওই এলাকার মৃত শাহজাহান সরকারের ছেলে। তার বিরুদ্ধে আগে থেকেই থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির আহমদের নেতৃত্বে উপ-পরিদর্শক ফজলুল হক, (এএসআই) তারিকুল ইসলাম ও একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে শামীমকে গ্রেফতার করে। অভিযানকালে আসামি পুলিশকে দেখে অত্যন্ত উদ্ধত আচরণ করে এবং তাদের ওপর হামলার চেষ্টা চালায়। পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে নিয়ন্ত্রণে এনে ৬০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১২ হাজার টাকাসহ আটক করতে সক্ষম হয়।
এ বিষয়ে আটক আসামির বিরুদ্ধে কাপাসিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি নাসির আহমদ বলেন, শামীম এলাকার একজন চিহ্নিত ও শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। মাদকমুক্ত কাপাসিয়া গড়ার লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
Leave a Reply