
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় গলাচিপা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন টুটু।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু: খালিদ হোসেন মিলটন। স্বাগত বক্তব্য দেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান।
গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ে তথ্য ও উপাত্ত তুলে ধরেন গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি মো. রাশেদ খান। এ সময় সমাজসেবক আব্দুল সালাম, মোহাম্মদ জাকির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় তৃণমূল পর্যায়ের মানুষের জমিজমা সংক্রান্ত বিরোধ, চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া-বিবাদসহ বিভিন্ন ছোটখাটো বিরোধ দ্রুত ও স্বল্প খরচে নিষ্পত্তির ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া বাংলাদেশ গ্রাম আদালত তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও গ্রাম পুলিশের দায়িত্ব ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
Leave a Reply