
সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুইপক্ষের সংঘর্ষে সালিশকারী ও মহিলা সহ উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় উভয় পক্ষের মধ্যে গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্হানীয় সূত্রে জানাগেছে, গ্রামের মৃত সৈরত আলীর ছেলে আব্দুল খালিক ও মৃত আকুল আলীর ছেলে ফয়জুল হকের মধ্যে পুর্ব বিরোধ থাকায় বৃহস্পতিবার বিকেলে খালিক পক্ষের ছুরাব আলী ও ফয়জুল হক পক্ষের খালেদ মিয়ার মধ্যে গয়ার হাওরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এ নিয়ে গ্রামে এসে দুইপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারী সহ উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছেন।আহ’ত খালিক পক্ষের আরকান আলী, ছুরাব আলী, নুর আহমদ, আব্দুল খালিকের স্ত্রীএবং ফয়জুল হক পক্ষের ফয়জুল হক, জিল্লুল হক, নুরুল হক, খালেদ মিয়া, পারভেজ, আবুল হাসনাত সহ উভয় পক্ষের ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সালিশকারী বিলাল আহমদ সহ আমির উদ্দিন, খছরু মিয়া, কাওছার আহমদ, চেরাগ আলী, সাদিকুল ইসলাম-কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, পুর্ব শত্রুতা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ এখনো দেন নি।
Leave a Reply