
নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরে ফকির হাসান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) শহরের ফৌজদারি মোড়ে ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৬ আগস্ট লাঙ্গলজোড়া ঘুটিঘর এলাকায় রাত ১২টার দিকে ডেকে নিয়ে মো. ফকির হাসানকে হত্যা করা হয়। পরে তার মরদেহ রাস্তার পাশে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন তারা।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে সাহেদুল, রাব্বী, রাসেল, সোহেল, জিহাদ, রিফাত ও সেলিমকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত ফকির হাসানের মা নাজমা বেগম, বোন শ্যামলী বেগম ও স্ত্রী শিখা বেগম। এ সময় নিহতের স্ত্রী শিখা বেগম তার দুই বছরের শিশু কন্যা হাবিবাকে কোলে নিয়ে কান্নাজড়িত কণ্ঠে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, ফকির হাসানের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তারা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উল্লেখ্য, এ ঘটনায় বিজ্ঞ আমলী আদালত জামালপুর সদরে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সিআর মোকদ্দমা নং১৬৩৪(১)২৬।
Leave a Reply