
কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় এক মোবাইল ব্যাংকিং ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী এক যুবকসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী তাজ উদ্দিন (৪৬) কাপাসিয়ার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের বাসিন্দা। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিবেশী হাবিবুর রহমানের (২৫) সঙ্গে তাঁর আগে ঝগড়া হয়েছিল। এরপর থেকে হাবিবুর তাঁকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন এবং ক্ষতি করার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে তাজ উদ্দিন বলেন, ১৮ আগস্ট রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে হাবিবুর রহমানসহ অজ্ঞাতনামা পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে প্রবেশের চেষ্টা করেন। প্রথমে তাঁরা বাড়ির টিনের বেড়ার তালা এবং পরে বসতঘরের তালা কাটেন। শব্দ পেয়ে তাঁর ঘুম ভেঙে গেলে তিনি লাইট জ্বালিয়ে চিৎকার করে ঘরের বাইরে বের হন।
এ সময় হাবিবুর রহমান তাঁর গলায় ধারালো ছুরি ধরে টাকা চান বলে অভিযোগ করেন তাজ উদ্দিন। প্রাণভয়ে তিনি প্যান্টের পকেটে টাকা আছে বলে জানান। পরে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা পকেট থেকে মোবাইল ব্যাংকিং ব্যবসার জন্য রাখা ১ লাখ ৪৫ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একই সময় ঘরের আলনার পেছনে রাখা একটি চামড়ার ব্যাগ থেকে ৪ দশমিক ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা, নিয়ে যায় দুর্বৃত্তরা।
তাজ উদ্দিন অভিযোগ করেন, যাওয়ার সময় চিৎকার করলে তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ কারণে প্রাণভয়ে তিনি চিৎকার করতে পারেননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রায় তিন মাস আগেও তাঁর বাড়ি থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা একই ধরনের ঘটনা ঘটিয়েছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি জানান।
এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তাজ উদ্দিন।
তবে অভিযোগে উল্লিখিত ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply