
শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি:
শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, আলোকিত হোক আগামীর বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং একটি শিক্ষিত ও আলোকিত সমাজ গড়ে তোলার লক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুপরিচিত সামাজিক সংগঠন জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে চতুর্থ ধাপে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা হোছাইন আহমদ গৌছের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১টার দিকে ছোটলেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাগরণী ইসলামী তরুণ সংঘের শিক্ষা সম্পাদক সাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার শাকিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জাগরণী ইসলামী তরুণ সংঘের অফিস সম্পাদক আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আতাউর রহমান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ফয়সল আহমেদ, শামীম আহমদ, সংগঠনের উপদেষ্টা জুনেদ আহমদ, সহ-সভাপতি ছাদিকুর রহমান ও অর্থ সম্পাদক রাহিম আহমদসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা তাঁদের বক্তব্যে জাগরণী ইসলামী তরুণ সংঘের বিভিন্ন সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply