
হুমায়ুন কবির রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজির হোসেন (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে নাজির হোসেন ইউনিয়ন বিএনপি রাজনীতির সাথে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন-অর-রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর মিশনপাড়া এলাকায় নাজির হোসেনের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে তার বাড়ি থেকে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয় এবং বাড়ির মালিক নাজির হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার নাজির হোসেন ওই এলাকার মৃত আ. সামাদের ছেলে। উল্লেখ্য, চলতি মাসের ১ সেপ্টেম্বর স্ত্রীসহ নাজির হোসেন ইয়াবা ও নগদ ১০ লক্ষ টাকাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্তি পাওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় তিনি আবারও ১৮০০ পিস ইয়াবাসহ আটক হলেন। অভিযান শেষে ডিএনসির উপ-পরিদর্শক (এসআই) শাকিলা রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীশংকৈল থানায় একটি মামলা দায়ের করেছেন। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানউল্লাহ আল বারী জানান, গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং মাদক কারবারি নাজির হোসেনকে মাদক আইনে মামলা দিয়ে জেলা জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply