
তাহিরপুর সুনামগন্জ প্রতিনিধি:
তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন শামিম আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাজাহান মিয়া।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) শ্রীপুর দক্ষিন ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপির সম্মেলনে তৃণমূলের কাউন্সিলরদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন।
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হলে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
তাহিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার জুনাব আলী বলেন, “তৃণমূলের নেতাকর্মীদের সরাসরি ভোটে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে দলের সাংগঠনিক গণতন্ত্র আরও শক্তিশালী হবে। যারা নির্বাচিত হয়েছেন, তাঁরা দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন—এটাই প্রত্যাশা।”
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল বলেন, “কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একটি সুষ্ঠু ও সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচন হয়েছে। নতুন নেতৃত্ব তৃণমূলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”
নবনির্বাচিত সভাপতি শামিম আহমেদ বলেন, “তৃণমূলের নেতাকর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করব। সবাইকে সঙ্গে নিয়ে শ্রীপুর দক্ষিন ইউনিয়ন বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে কাজ করব।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাজাহান মিয়া বলেন, “তৃণমূলের নেতা-কর্মীদের আস্থা ও ভালোবাসার প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করতে চাই। দলের ঐক্য অটুট রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।”
সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহব্বায়ক ও সহকারী নির্বাচন কমিশনার বাদল মিয়া, উপজেলা বিএনপি সদস্য আবুল কালাম আজাদ, চেয়ারম্যান আলী আহমেদ মুরাদ, এমদাদুল হুদা,একে এম নাসের উজ্জ্বল, আবুল হুদা,শ্রীপুর উত্তর ইউনিয়ন বি এনপি সভাপতি মোশাহিদ আলম,সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
Leave a Reply