
ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা সরকারি রাস্তার পাশে অর্ধশত বছরের পুরোনো গাছ কেটে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্বাস মেম্বারের ভাই আলী আহামেদের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার টেংগারচর ইউনিয়নের মিরপুর মোড় এলাকায় এলজিইডির রাস্তার পাশে ইট-বালু দিয়ে স্থায়ীভাবে দোকানঘর নির্মাণের কাজ চলছে। স্থানীয় কয়েকজনের দাবি, দোকানঘর নির্মাণের জায়গাটি সরকারি ১ নম্বর খতিয়ানভুক্ত জমি। সরকারি জমি দখল করে সেখানে দোকানঘর নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ তাঁদের।
এ বিষয়ে আলী আহামেদের কাছে সরকারি গাছ কাটার অনুমতিপত্র সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছে। তবে অনুমতির পক্ষে বন বিভাগ বা উপজেলা প্রশাসনের কোনো লিখিত কাগজপত্র প্রতিবেদকের কাছে দেখাতে পারেননি তিনি।
অন্যদিকে, সাবেক ইউপি সদস্য আব্বাস মেম্বারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও বন বিভাগ বরাবর আবেদন করেছেন।
বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়ার নজরে আনলে তিনি বলেন, “বিষয়টি আমরা দেখছি। নিয়মবহির্ভূতভাবে গাছ কাটা হয়ে থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে সরকারি জমিতে দোকানঘর নির্মাণ এবং সরকারি গাছ কাটার অনুমতির বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
প্রশ্ন উঠেছে, সংশ্লিষ্ট দপ্তরে শুধু আবেদন করলেই কি সরকারি গাছ কাটা কিংবা সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বৈধতা পাওয়া যায়?
Leave a Reply