
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি চলাকালে পৌরসভার ঐতিহ্যবাহী হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্কুল রোড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হোটেলের জানালা, ফ্যানসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে। ইটপাটকেলের আঘাতে হোটেল ম্যানেজারসহ তিনজন আহত হয়েছেন। মালিকপক্ষের দাবি, ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা ও মালিক মরহুম আলহাজ্ব মো. হাবিবুর রহমানের ছেলে এবং প্রেসক্লাব গলাচিপার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, ঘটনার সময় তিনি হোটেলের ক্যাশ কাউন্টারে বসা ছিলেন। দুপুর দেড়টার দিকে হঠাৎ কয়েকজন ব্যক্তি হোটেলে হামলা ও ভাঙচুর শুরু করেন। কিছু বুঝে ওঠার আগেই হোটেলের জানালা, ফ্যান ও ভেতরে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়।
আল মামুন জানান, হামলার সময় ইটপাটকেলের আঘাতে হোটেল ম্যানেজার মো. শফিকুল, কর্মচারী মো. রাকিব এবং পাশের একটি মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক মো. জাকির হোসেন আহত হন। পরে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরে যান।
তবে হামলা ও ভাঙচুরের সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি আল মামুন। বিএনপির কোনো গ্রুপের লোকজন এ ঘটনা ঘটিয়েছে কি না, সে বিষয়েও তিনি নিশ্চিত নন বলে জানান।
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার গলাচিপায় বিভিন্ন কর্মসূচি চলছিল। এর মধ্যেই হাবিব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
মালিকপক্ষের দাবি, হামলা ও ভাঙচুরে হোটেলটির লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, “ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার বিষয়টি দুঃখজনক। তবে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply