
হুমায়ুন কবির,রাণিশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ৩২ হাজার ২২০ টাকা, তাসের সেট ও জুয়া খেলার একটি পুরনো বোর্ড জব্দ করা হয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বলিধারা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। সূত্র জানায়, রাণীশংকৈল থানা এলাকায় নিয়মিত আইন-শৃঙ্খলা রক্ষায় মোবাইল নাইট ডিউটি,গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, স্থানীয় মোঃ আলিম হোসেনের নির্মাণাধীন বাড়ির দ্বিতীয় তলায় সিঁড়ির পাশে কিছু ব্যক্তি টাকার বিনিময়ে তাস খেলে জুয়ায় মেতেছেন। খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে রওনা হয় পুলিশের একটি দল। রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন অভিযুক্তরা। তবে ফোর্সের সহায়তায় তাদের ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাঁশবাড়ী এলাকার মৃত আব্দুল গনির ছেলে মোঃ আলিম হোসেন (৪৭), রংপুরের গংগাচড়া থানার পাইকান এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মোঃ আব্দুল আউয়াল (৪৮), বাঁশবাড়ীর মৃত ভরত চন্দ্র রায়ের ছেলে রতন কুমার রায় (৩৭), উজধারী এলাকার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে মোঃ হান্নান (৪৫), বগুড়াপাড়ার মৃত সাখাওয়াত মোল্লার ছেলে মোঃ আফছার (৫৫),বলিদ্বারার মৃত মিনাজ শেখের ছেলে মোঃ উজ্জ্বল (৬৪) এবং একই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে মোঃ আব্দুল জব্বার (৫৫)। তাদের সবার বাড়ি রাণীশংকৈল ও ঠাকুরগাঁও এলাকায়। জুয়ার আসর থেকে টর্চলাইটের আলোয় তল্লাশি চালিয়ে ১ সেট তাস, বোর্ডে থাকা ৩২ হাজার ২২০ টাকা (বিভিন্ন মূল্যমানের নোট) এবং আনুমানিক ৩০০ টাকা মূল্যের একটি পুরনো জুয়ার বোর্ড জব্দ করা হয়। এ সময় স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। জিজ্ঞাসাবাদে ধৃতরা টাকার বিনিময়ে তাস খেলে জুয়ায় লিপ্ত থাকা এবং জুয়ার স্থান পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম ব্যবহারের কথা স্বীকার করেন। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানউল্লাহ আল বারী জানান আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরো জানান মাদক ও জুয়া নির্মূলে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply