
মিঠুন পাল,পটুয়াখালী জেলা প্রতিনিধি
ফুলেল শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণের মধ্য দিয়ে পটুয়াখালীর গলাচিপা সরকারি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া প্রায় ৪৫০ নবীন শিক্ষার্থীকে বরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কলেজের অডিটোরিয়াম হলে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারী অধ্যাপক মো. রোকনুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের সঙ্গে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন শিক্ষক পরিষদের সম্পাদক আব্দুল ওয়াহাব মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মো. খালিদ হোসেন মিল্টন।

এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা বক্তব্য দেন।
অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, আগামী দিনের পৃথিবী নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। সেখানে শিক্ষা, জ্ঞান ও মেধার গুরুত্ব আরও বাড়বে। তাই শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য তিনি নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি নবাগত শিক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
পরে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় মুখর হয়ে ওঠে কলেজ অডিটোরিয়াম।
Leave a Reply