
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
যে সন্তানকে বুকে আগলে বড় করেছেন, সেই সন্তানের হাতেই নিগৃহীত হতে হয়েছে এক মাকে। নেশার ঘোরে ছেলের নির্যাতন যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল, তখন বাধ্য হয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মায়ের সেই অভিযোগেই কারাদণ্ড পেয়েছেন মাদকাসক্ত ছেলে। ঘটনাটি উপজেলার নেকমরদ বাজার এলাকার। স্থানীয় সিরাজুল ইসলামের ছেলে জেমস ওরফে মিলনের (৩৫) বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর মা ফাতেমা খাতুন। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ওই বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে নেশাগ্রস্ত অবস্থায় ১০০ গ্রাম গাঁজাসহ মিলনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন রাণীশংকৈলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুজিবর রহমান।

ছেলেকে আইনের হাতে তুলে দিয়ে ফাতেমা খাতুনের মনে শান্তি নেই, আছে কেবল একটাই আশা। তিনি বলেন, ছেলের কারণে তাঁরা অতিষ্ঠ হয়ে পড়েছিলেন, কোনোভাবেই আর তাকে সামলাতে পারছিলেন না। তাই বাধ্য হয়ে আইনের আশ্রয় নিয়েছেন। ছেলে সুস্থ জীবনে ফিরে এলেই তাঁদের শান্তি।
প্রশাসনের বক্তব্য অনুযায়ী, মিলন কয়েক বছর ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মায়ের কাছে হাত পাততেন। টাকা দিতে না পারলে মা-বাবাকে গালিগালাজ ও মারধর করতেন। মায়ের অভিযোগের পেছনে ছিল এই দীর্ঘ নির্যাতনের ইতিহাস। ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গড়তে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, মিলন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের মারধর করতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দিয়ে থানায় সোপর্দ করেছে।
Leave a Reply