
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে কাপাসিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর (সোমবার) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা নায়েবে আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কাপাসিয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শেফাউল হক বলেন “২৮ অক্টোবর নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। প্রকাশ্যে দিবালোকে মানুষ পিটিয়ে হত্যা করার মত নৃশংস ঘটনা বিশ্বব্যাপী প্রত্যক্ষ করেছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে কারিগর ও প্রত্যক্ষ জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে”। কর্মসূচিতে কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি, সেক্রেটারিসহ সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
Leave a Reply